৫টি উপকরণেই দূর হবে ত্বকের কালচে ছোপ! রোদেপোড়া থেকে বাঁচার উপায় বললেন প্রিয়ঙ্কার মা

প্রিয়ঙ্কা চোপড়ার মা, চিকিৎসক মধু চোপড়া একটি ঘরোয়া ফেসপ্যাকের কথা জানিয়েছেন, যা নাকি গরমের সময়ে ত্বকচর্চার জন্য উপযুক্ত। রোদেপোড়া অর্থাৎ ট্যান দূর করতে সাহায্য করে মধুর সেই টোটকা। কী কী দিয়ে বানাবেন সেই ফেসপ্যাক?

চাঁদিফাটা রোদে পুড়ে ত্বকের রং গাঢ় হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এই সময়ে অনেকেই ঘরোয়া টোটকার দিকে ঝোঁকেন। সম্প্রতি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার মা, চিকিৎসক মধু চোপড়া একটি ঘরোয়া ফেসপ্যাকের কথা জানিয়েছেন, যা নাকি গরমের সময়ে ত্বকচর্চার জন্য উপযুক্ত। রোদেপোড়া অর্থাৎ ট্যান দূর করতে সাহায্য করে মধুর সেই টোটকা। কী কী দিয়ে বানাবেন সেই ফেসপ্যাক?

উপকরণ

কাঁচা দুধ

চালের গুঁড়ো

কফিগুঁড়ো

লেবুর রস/টক দই

গোলাপজল

ব্যবহারের পদ্ধতি

ভাল করে মুখ ধুয়ে নিন। মেকআপের কোনও অবশিষ্টও যেন না থাকে মুখে। এ বার সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে প্যাক হিসাবে। খেয়াল রাখবেন, যদি তৈলাক্ত ত্বক হয়, তা হলে লেবুর রস ব্যবহার করবেন। আর শুষ্ক ত্বকে মাখবেন টক দই। এ বার আধঘণ্টা মতো প্যাকটি মুখে মেখে রাখুন। তার পর ধুয়ে ফেলুন জল দিয়ে। মধু বলছেন, তাতে রোদেপোড়ার ছাপ মুছে যাবে ত্বক থেকে।

সূর্যের ক্ষতিকারক রশ্মির সংস্পর্শে এসে ত্বক মেলানিন উৎপাদন বাড়াতে শুরু করে। আর এর ফলেই মুখে-গায়ে ট্যান পড়ে, পাশাপাশি, ত্বকের বিভিন্ন জায়গায় দাগ পড়তে শুরু করে। যে কারণে ত্বকের এক এক অংশে এক এক রকম রং তৈরি হয়ে যায়। ঘাম, ধুলোময়লা, প্রচুর তেল, দূষণের কারণে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। এর ফলে ত্বকের সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হয়। ত্বক শুষ্ক, রুক্ষ, নিষ্প্রভ, ক্লান্ত দেখাতে শুরু করে। কোনও কোনও ক্ষেত্রে প্রদাহ, লালচে ভাব বা অ্যালার্জিও হতে পারে। ফলে ট্যান মানে কেবল কালচে ছোপ নয়। এর সঙ্গে জুড়ে থাকে নানা বিষয়।

তবে মধুর টোটকার কয়েকটি উপকরণ ট্যানের উপরের অংশ কমাতে সাহায্য করতে পারে, জানাচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা। তার জন্য দেখতে হবে, কোন উপকরণ কী ভাবে ত্বকের উপকার করে—

কাঁচা দুধ: মৃদু এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে কাঁচা দুধ। তা ছাড়া ঠান্ডা দুধ ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে। পাশাপাশি, ত্বককে কোমলও রাখে।

চালের গুঁড়ো: প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। ত্বকের মৃত কোষ ঝরিয়ে দেয় চালের গুঁড়ো।

কফিগুঁড়ো: ত্বকের রক্ত চলাচল উন্নত করতে পারে কফির গুঁড়ো। ফলে ত্বকে প্রাকৃতিক আভা আসে। ফোলা ভাবও দূর হয় মুখ থেকে।

টক দই: এর মধ্যে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। মৃদু এক্সফোলিয়েটর বললে অত্যুক্তি হবে না। ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

লেবুর রস: ত্বক উজ্জ্বল করার ঘরোয়া উপাদান হিসাবে জনপ্রিয় ভিটামিন সি সমৃদ্ধ এই ফল। তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিতে পারে।

গোলাপজল: ত্বককে প্রদাহ কমিয়ে শীতল অনুভূতি এনে দেয় গোলাপজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *